ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা : তথ্যমন্ত্রী

২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৬:১৯  
“আজ ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তবতা। আমরা গত নির্বাচনে যে স্লোগান দিয়েছিলাম, ‘আমরা গ্রাম, আমার শহর’— এখন গ্রামে শহরের অনেক সুবিধা পাওয়া যায়। গ্রামে এখন কুঁড়েঘর নেই, বাংলাদেশে এখন খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। এটিই বাস্তবতা। আকাশ থেকে ঢাকা শহর চেনা যায় না, চট্টগ্রাম শহর চেনা যায় না।”
রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাংবাদিক শাবান মাহমুদ রচিত ‘শেখ হাসিনার জীবন কথা’ গ্রন্থের প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন,  ১০-১২ বছর আগে যে বিদেশ গেছে সে এসে দেশ, শহর, গ্রাম চিনতে পারে না, এটিই বদলে যাওয়া বাংলাদেশ, এখানেই শেখ হাসিনার সাফল্য। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। “দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে ধাবমান এগিয়ে যাচ্ছে, এ অগ্রগতির চাকাকে যারা দুর্নীতি আর দুঃশাসনের মাধ্যমে ঘূর্ণায়মান চাকাতে পরিণত করেছিল, তারা এখনও আবার ষযড়যন্ত্রের মাধ্যমে দেশের এ অগ্রগতিকে থমকে দিতে চায়। সেজন্য ষড়যন্ত্র থেমে নেই। শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। আজকেও দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার নানা ষড়যন্ত্র আছে। এগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে” যোগ করে ড. হাছান মাহমুদ।